হাওজা নিউজ এজেন্সি: সভায় মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করা, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার, ইসলামী বিশ্বের আলেমদের মধ্যে পারস্পরিক সংলাপ সম্প্রসারণ এবং মুসলিম বিশ্বের সামনে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী চিন্তাবিদ ও আলেমদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় হুজ্জাতুল ইসলাম ড. আলীজাদেহ মুসাভী ইমাম খোমেনী (রহ.)-এর ব্যক্তিত্ব, চিন্তাধারা এবং ইসলামী বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি জুলুম, দখলদারিত্ব এবং বৈশ্বিক আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বৈঠকে উপস্থিত সুন্নি আলেমগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নীতির বিরুদ্ধে ইরানের অবস্থানের প্রশংসা করেন। তারা মুসলিম বিশ্বে প্রতিরোধের চেতনা জাগ্রত ও শক্তিশালী করতে ইরানের ভূমিকার কথাও তুলে ধরেন।
আলোচনায় অংশ নেওয়া আলেম ও শিক্ষাবিদদের মতে, ইসলামী বিপ্লব মুসলিম জাতিগুলোর রাজনৈতিক ও সামাজিক জাগরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তারা উল্লেখ করেন, ইরান দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণের মধ্য দিয়ে অতিক্রম করেছে—প্রথমটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব এবং দ্বিতীয়টি ২০২৫ সালের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। তাদের মতে, হুমকি ও সংঘাতের মুখে ইরানি জনগণের আত্মত্যাগ, শাহাদাতের চেতনা এবং প্রতিরোধের মনোভাব জাতীয় ঐক্য ও সংহতিকে আরও সুদৃঢ় করেছে এবং মুসলিম বিশ্বের অন্যান্য জাতির জন্য অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, সাংস্কৃতিক ও ধর্মীয় সংলাপ অব্যাহত রাখা এবং ইরান ও বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারী আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার কমেন্ট